রাশিয়ার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের ৫০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
রাশিয়ার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের ৫০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকারী দেশগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রেখে যুক্তরাষ্ট্রে নতুন একটি বিল অনুমোদন পেয়েছে। ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামক এই আইনটি কার্যকর হলে ভারত ও চীনের মতো দেশগুলোকে রাশিয়া থেকে সস্তা তেল কেনা বন্ধ করতে বাধ্য করা হবে। যদিও এই বিলটি এখনও চূড়ান্ত ভোটাভুটির অপেক্ষায় রয়েছে, তবুও এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে।

এদিকে, আমেরিকা ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হতে পারেনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে মন্তব্য করেছেন, মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কথা না বলায় এই চুক্তি আটকে আছে। গত বছরের আগস্টে যখন ট্রাম্প অতিরিক্ত শুল্কের হুমকি দিয়েছিলেন, তখন ভারত পাল্টা যুক্তি দিয়ে বলেছিল যে, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তার সিদ্ধান্তের ওপর কেউ থামাতে পারে না, শুধু তিনি নিজেই নিজের নীতির ওপর ভিত্তি করে পদক্ষেপ নেন।

বিশ্লেষকদের মতে, এই বিল বাস্তবায়িত হলে ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে অথবা ৫০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব সতর্ক করে বলেছেন, এমনটা হলে যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮৭.৪ বিলিয়ন ডলারের রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে তিনি মনে করেন, কংগ্রেসে এই বিল পাস হওয়া কঠিন, তবুও ভারতের উচিত নিজেদের বৈদেশিক নীতি নিয়ে স্পষ্ট অবস্থান তৈরি করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...