বাংলাদেশসহ বিশ্ববাজারে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের চাহিদা বৃদ্ধি
নতুন বছরের শুরুতেই প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের পুরনো বিমান বহর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী।
৬ জানুয়ারি আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তানের যুদ্ধবিমানের সক্ষমতার প্রশংসা করেছেন। এর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারেও এই যুদ্ধবিমানের চাহিদা বাড়ছে। রয়টার্স সূত্রে জানা গেছে, পাকিস্তান ও সৌদি আরব প্রায় ২০০ কোটি ডলারের ঋণকে জেএফ-১৭ কেনার চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে। এছাড়া লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গেও প্রায় ৪০০ কোটি ডলারের একটি সম্ভাব্য অস্ত্র চুক্তির কথা শোনা যাচ্ছে।
জেএফ-১৭ থান্ডার মূলত পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে, এর মূল আকর্ষণ হলো অন্যান্য পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় এর অনেক কম দাম, যা প্রতি ইউনিটে ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলারের মধ্যে। রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় এবং রাজনৈতিক শর্ত তেমন না থাকায় মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানের মতো দেশগুলো এটি কিনেছে। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর ভূমিকাও এই বিমানের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। যদিও এটি সবচেয়ে আধুনিক প্রযুক্তির নয়, তবুও দাম ও কার্যকারিতার দিক থেকে এটি অনেক দেশের জন্য ‘গুড এনাফ’ বা যথেষ্ট ভালো একটি বিকল্প বলে মনে করা হচ্ছে।

