সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ভেনেজুয়েলা
নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিয়ে যাওয়ার পর থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। তবে এই সংঘাতের মাঝেই দেশটি যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রাথমিক আলোচনা শুরু করেছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, উভয় দেশে কূটনৈতিক মিশন আবার চালু করার লক্ষ্যে ওয়াশিংটনের সাথে একটি অনুসন্ধানমূলক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক জন ম্যাকনামারা এবং তার দল কারাকাস সফর করে সেখানকার মার্কিন দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে খতিয়ে দেখেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে অপরাধমূলক ও অবৈধ আখ্যা দিয়ে রদ্রিগেজ অবশ্য স্পষ্ট করেছেন যে, ভেনেজুয়েলা এই আক্রমণের বিরুদ্ধে কূটনৈতিক পথেই লড়াই চালিয়ে যাবে। এর অংশ হিসেবে তারা শিগগিরই ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দ্বিতীয় দফার সামরিক আক্রমণ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ নির্বাহীদের সাথে এক বৈঠকে তিনি ভেনেজুয়েলার বিশাল অপরিশোধিত তেলের মজুদ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন। ট্রাম্প জানান, মাদুরোর অধীনে বিদেশি কোম্পানিগুলো কোনো সুরক্ষা পায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য পরিবেশ সম্পূর্ণ নিরাপদ এবং এখন সেখানে বিনিয়োগের সুযোগ রয়েছে।

