ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত, কঠোর সমালোচনা খামেনির

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:৩১ এএম
ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত, কঠোর সমালোচনা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন, ইরানে সাম্প্রতিক সংঘাতে নিহত হাজার হাজার মানুষের রক্তের দায় ট্রাম্পের ওপর বর্তায়। খামেনি বলেন, ট্রাম্প যদিও দাবি করেন যে তিনি ইরানি জনগণের পক্ষে, তবে বাস্তবে তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত এবং এটি এক প্রতারণা মাত্র।

সর্বোচ্চ নেতা জানান, তথাকথিত ‘১২ দিনের যুদ্ধে’ সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছে, তাদেরকেও ‘দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেন তিনি। তার মতে, একটি পক্ষ আমেরিকান প্রেসিডেন্টকে খুশি করতে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যা বিদেশি স্বার্থে কাজ করার সামিল। ইরানি জাতি এই ধরনের ভাড়াটে মানসিকতা কখনোই মেনে নেবে না বলেও তিনি জানান।

দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে খামেনি বলেন, সম্মিলিত জাতি যেকোনো শক্তিকে পরাভূত করতে সক্ষম। ইতিহাস থেকে উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে, অহংকারী শাসকরা—ফেরাউন, নমরুদ বা ইরানের শাহরা—সবাই ধ্বংস হয়েছেন। ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট মেটানোর বদলে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয় এবং এই উদ্ধত নেতাও শেষ পর্যন্ত পতনের দিকেই এগিয়ে যাবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...