হাতে রক্ত, পতন অনিবার্য: ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে তিনি ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রাঙানো বলে অভিযোগ করেন। চলমান বিক্ষোভ ও পূর্ববর্তী সংঘাতে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানির জন্য সরাসরি ওয়াশিংটনের প্রেসিডেন্টকে দায়ী করেন তিনি।
সংঘাতের সময় আমেরিকান প্রেসিডেন্ট যে আদেশ দিয়েছেন, তার রেশ ধরে খামেনি বলেন, ট্রাম্প নিজেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ইরানি জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে ট্রাম্পের বক্তব্যকে তিনি মেকি ও প্রতারণামূলক হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে দেশের অভ্যন্তরে যারা দাঙ্গা ও ভাঙচুর সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার অভিযোগ, ওয়াশিংটনকে খুশি করতেই একটি চক্র জনসম্পত্তি ধ্বংস করছে এবং বিদেশি স্বার্থ রক্ষা করছে, যা ইরানের স্বাধীনতাপ্রিয় জাতি কখনো মেনে নেবে না।
দেশের তরুণ সমাজকে সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খামেনি বলেন, কোনো শত্রুই ঐক্যবদ্ধ ইরানকে দমন করতে পারবে না। ফেরাউন বা ইরানের সাবেক শাহদের মতো অহংকারী শাসকদের পতন অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজের দেশের সংকট সমাধানে মনোযোগ দেওয়া উচিত তার। অন্যদিকে, অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরানে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখনো পরিস্কারভাবে কোনো বিরোধী দলকে সমর্থন দেয়নি।

