রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভে ৪ জনের মৃত্যু, তাপ সরবরাহ বন্ধে দুর্ভোগ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত চারজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করবে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো নগরবাসীকে সাময়িকভাবে শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শত্রুপক্ষের আক্রমণের কারণে শহরের অর্ধেকের বেশি আবাসিক ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। যাদের বিদ্যুৎ ও তাপের বিকল্প ব্যবস্থা আছে বা অন্যত্র থাকার ব্যবস্থা রয়েছে, তারা যেন এই কঠিন সময়ে শহর ত্যাগ করেন। এদিকে, পশ্চিম ইউক্রেনে রাশিয়া ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ, যার জন্য ইউরোপজুড়ে তীব্র নিন্দা ওঠেছে।
অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর দাবি করেছেন, ইউক্রেনের হামলায় তাদের বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থায় আঘাত লেগেছে। এতে পাঁচ লাখের বেশি মানুষ ইউটিলিটি সেবা থেকে বঞ্চিত হয়েছেন। তবে কিয়েভের ট্রেন ও বাস স্টেশনগুলোতে বড় ধরনের ভিড় বা আতঙ্ক দেখা যায়নি। কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা মস্কো প্রত্যাখ্যান করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা পরিচালিত হলো।

