পুতিনের বাসভবনে হামলার পাল্টায় ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জেরে শুক্রবার (৯ জানুয়ারি) রাতভর ইউক্রেনে বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়া। এই অভিযানে শতাধিক ড্রোন এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন প্রায় এক ডজন শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্রেমলিনের ভাষ্যমতে, মস্কোর এই পাল্টা আক্রমণে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করা হয়েছে ‘ওরেশনিক’ নামের একটি আধুনিক মিসাইল ব্যবস্থা, যাকে প্রতিরোধ করা অসম্ভব বলে দাবি করা হয়েছে।
ইউক্রেনীয় সূত্রগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদের কাছে অবস্থিত কাপুস্তিন ইয়ার রেঞ্জ থেকে এসব মিসাইল ছোড়া হয়। হামলার সময় আকাশে বিজলীর ঝলকানি ও বজ্রপাতের মতো বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রুশ সামরিক ব্লগারদের বরাতে জানা গেছে, এই হামলায় পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপোতে আঘাত হানে ‘ওরেশনিক’। রুশ ভাষায় হ্যাজেল গাছের নামানুসারে এই মিসাইলের নামকরণ করা হয়েছে এবং এর আগে ২০২৪ সালে ইউক্রেনের দিনিপ্রো শহরেও এটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল।
রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেস প্রধান সের্গেই কারাকায়েভ সতর্ক করে দিয়েছেন, ওরেশনিক ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে, পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত মাসে জানিয়েছেন, ন্যাটো সীমান্তবর্তী তার দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মস্কো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে, এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা যুদ্ধ প্রস্তুতির দায়িত্বে যুক্ত হয়েছে।

