ভেনেজুয়েলায় রাজবন্দি মুক্তির উদ্যোগ, ছাড়া পেলেন বিরোধী নেতারা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৪:২৬ পিএম
ভেনেজুয়েলায় রাজবন্দি মুক্তির উদ্যোগ, ছাড়া পেলেন বিরোধী নেতারা

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার থেকে রাজবন্দিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত বছরের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২০২৪ সালের নির্বাচনে সরকারের বিরোধিতাকারী দুই প্রভাবশালী মুখকে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের সমর্থক এনরিক মারকেজ (৬২) এবং আইনপ্রণেতা বিয়াজিও পিলিয়েরি।

দেশটির জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ টেলিভিশন বক্তব্যে জানিয়েছেন, জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক রাজনৈতিক বন্দি এবং বিদেশি নাগরিককে অচিরেই মুক্তি দেওয়া হবে। এদিকে, স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা কর্তৃপক্ষ তাদের পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েল অন্যতম। যদিও এই মুক্তির মোট সংখ্যা বা নির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

মানবাধিকার সংস্থা ফোরো পেনালের তথ্যমতে, ভেনেজুয়েলার কারাগারে এখনও শতাধিক রাজনৈতিক বন্দি আটক রয়েছেন এবং বর্তমানে মাত্র কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তির এই পদক্ষেপকে স্বাগত জানালেও সংস্থাটি সতর্ক অবস্থানে রয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিশেষ করে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে সরকার ভিন্নমতাবলম্বীদের দমন করতে তাদের আটক করে রেখেছিল। তাই সরকার তাদের রাজবন্দি হিসেবে স্বীকার না করলেও আন্তর্জাতিক মহল এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...