মাদুরো অপহরণের পর আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান ট্রাম্পের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় জড়িত থাকার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করেছেন। গত শনিবার ভোরে কারাকাসে ব্যাপক বিস্ফোরণ ও সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে গ্রেপ্তার করা হয়। এরপর ৮ জানুয়ারি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার নীতিনির্ধারণে কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, বরং তা নিয়ন্ত্রিত হয় তার নিজস্ব নৈতিকতা দিয়ে। তিনি বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।’
ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মানা উচিত কি না তা নির্ভর করে এর সংজ্ঞার ওপর। তিনি বৈদেশিক নীতি বাস্তবায়নে মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন। অপহরণের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্দেশ অমান্য করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। এছাড়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র এখন থেকে নিঃসংকোচে সামরিক শক্তির ব্যবহার করবে। এই পদক্ষেপ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সমালোচকরা। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, আন্তর্জাতিক আইনের প্রতি এমন অবজ্ঞা বিশ্বব্যাপী বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

