ইমরানের সাক্ষাৎ ছাড়া সংলাপ নয়, স্পিকারের মাধ্যমে সমঝোতার চেষ্টা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৯:৪৩ এএম
ইমরানের সাক্ষাৎ ছাড়া সংলাপ নয়, স্পিকারের মাধ্যমে সমঝোতার চেষ্টা

পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জানা যায়, সংলাপ এগিয়ে নিতে সরকারপ্রধান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিককে দায়িত্ব দিয়েছেন। সরকার আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এখন পর্যন্ত কোনো পিটিআই নেতা স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি। তবে বিরোধী দল ইচ্ছা পোষণ করলে অবিলম্বে কমিটির বৈঠক ডাকার ঘোষণা দিয়েছেন স্পিকার।

অন্যদিকে, পিটিআই নেতারা ইমরান খানের সাথে দেখা করার সুযোগ না পেলে সংলাপে বসতে অপারগতা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান সাংবাদিকদের বলেছেন, দলটি আলোচনার পথ বন্ধ করেনি। কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে তাদের প্রতিষ্ঠাতার সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এই পরিস্থিতিতে সংলাপ প্রক্রিয়া এগিয়ে নেওয়া কঠিন হবে। পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজাও জানিয়েছেন, ইমরান খানের অংশগ্রহণ ছাড়া কোনো সংলাপই সার্থক হবে না।

প্রায় দুই বছর ধরে চলা রাজনৈতিক উত্তেজনা কমাতে গত বছরের ডিসেম্বরের শেষে দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু ২০২৩ সালের ৯ মে এবং ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ও দলের আটক নেতাকর্মীদের মুক্তির মতো বিষয়গুলোতে ঐকমত্য না হওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়ে। এর আগে সরকার শর্ত দিয়েছিল যে আলোচনা কেবল ‘বৈধ বিষয়’ নিয়েই হতে পারে, যা প্রত্যাখ্যান করে পিটিআই। সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন দলটির নেতা আলি জাফর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...