সংলাপে রাজি সরকার, ইমরানের সঙ্গে দেখা ছাড়া অনীহা পিটিআইয়ের
পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার সরদার আয়াজ সাদিককে এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। সরকার পক্ষ থেকে আলোচনার জন্য প্রস্তুতি নেওয়া হলেও এখন পর্যন্ত স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি পিটিআই।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান জানিয়েছেন, দলটি কখনও আলোচনা বাতিল করেনি। তবে তিনি প্রশ্ন রেখেছেন, ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেওয়া পর্যন্ত কীভাবে এই সংলাপ এগিয়ে নেওয়া সম্ভব? গত এক মাসেরও বেশি সময় ধরে দলের প্রতিষ্ঠাতার সঙ্গে কারো সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজা স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিষ্ঠাতার অংশগ্রহণ ছাড়া কোনো সংলাপই এগোতে পারে না।
গত বছরের শেষের দিকে দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু হলেও ২০২৩ সালের ৯ মে এবং ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ও বন্দি নেতাকর্মীদের মুক্তির বিষয়ে মতপার্থক্যের কারণে তা স্থবির হয়ে পড়ে। স্পিকার জানিয়েছেন, বিরোধী দল ইচ্ছা পোষণ করলেই আলোচনার জন্য কমিটির বৈঠক ডাকা হবে। তবে দলের ওপর চলমান দমন-পীড়ন ও অনুকূল পরিবেশ না থাকায় সরকারের সঙ্গে আলোচনায় বসা কঠিন বলে মন্তব্য করেছেন পিটিআই নেতা আলি জাফর।

