ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: খামেনির পতন চায় জনতা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৮:৩৫ এএম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: খামেনির পতন চায় জনতা

ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা ১২ দিন ধরে চলা এই আন্দোলনে এরই মধ্যে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের ৩১টি প্রদেশের শতাধিক শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে পরিচিতি পাচ্ছে।

মুদ্রাস্ফীতি ও দেশীয় মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ জানুয়ারি তেহরান ও মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ পালনের চেষ্টা করা হলেও অন্যত্র নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আটজন সদস্য নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা খামেনির পাশাপাশি নির্বাসিত নেতা রেজা পাহলভির দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া মাশহাদ, ইসফাহান ও তাবরিজের মতো শহরগুলোতে নজরদারি ক্যামেরা ভাঙচুরসহ নানা ধরনের সহিংসতার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাতের পর থেকে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নেটব্লকসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো নেটওয়ার্ক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি পার্সিয়ানের ভেরিফাই করা ভিডিওতেও হাজার হাজার মানুষের রাজপথে নেমে সরকারবিরোধী স্লোগান দেওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...