ভারতের ওপর ৫০০% শুল্কের সম্ভাবনা, দিল্লি ও ইয়েমেনে উত্তেজনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন জানিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই প্রস্তাবের আওতায় চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে হোয়াইট হাউজ। এই খবরে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপি ৭ পয়সা দরপতন হয়ে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে। একইসঙ্গে, শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে দেশটির শেয়ারবাজার গত চার মাসের মধ্যে সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে।
ভারতের রাজধানী নতুন দিল্লিতে বসতি উচ্ছেদ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরী এলাকায় মাদ্রাসি ক্যাম্প ও ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতিতে বুলডোজার দিয়ে অভিযান চালানো হয়েছে। নিস্তব্ধ রাতে পুলিশ উপস্থিতিতে এই ধ্বংসযজ্ঞ প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এই হঠাৎ উচ্ছেদ অভিযান নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মধ্যপ্রাচ্যে উপসাগরীয় জোটের অন্তর্দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনে সৌদি জোট দাবি করেছে, দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছেড়ে যেতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সৌদি আরব ও ইউএই-এর মধ্যে এই টানাপোড়েনকে দুই মিত্র দেশের সম্পর্কের এক নাটকীয় মোড় বলে অভিহিত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে সৌদি সমর্থিত বাহিনী বন্দর নগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে।

