দিল্লিতে বুলডোজার, ট্রাম্পের শুল্ক ও রুপির দরপতন
আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত। রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার একটি বিলে সমর্থন দিয়েছেন তিনি। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই বিল পাস হলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে হোয়াইট হাউজ। এ ঘোষণার পরপরই ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
মার্কিন শুল্ক নীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় ভারতীয় শেয়ারবাজার গত চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপক্ষে ভারতীয় রুপির বিনিময় মূল্য ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, দেশটির রাজধানী দিল্লিতে মানবিক সংকট দেখা দিয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে অবৈধ বসতি উচ্ছেদের নামে মাদ্রাসি ও ভূমিহীন ক্যাম্পে বুলডোজার অভিযান চালানো হয়েছে। নিস্তব্ধ রাতে পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান প্রায় পাঁচ দশক আগের তুর্কমান গেটের দুঃস্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যেও পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ইয়েমেন নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। সৌদি জোটের অভিযোগ, দক্ষিণ ইয়েমেনের এক প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে পালাতে সহযোগিতা করেছে ইউএই। এ নিয়ে দুই মিত্র দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি সমর্থিত বাহিনী বন্দর নগরী অ্যাডেনের দিকে অগ্রসর হচ্ছে, যা অঞ্চলটিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

