মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি, আইন ভঙ্গের অভিযোগ ম্যাক্রোঁর
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ক্রমেই তার পুরনো মিত্রদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বার্ষিক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং গ্রিনল্যান্ড দখলের প্রত্যাশা নিয়ে ইউরোপে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেই তিনি এসব কথা বললেন।
সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেন এবং সেনা প্রেরণের ইঙ্গিত দেন। এই পরিস্থিতিতে ইউরোপীয় মিত্র ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা করে তবে তা ন্যাটো জোটের অবসান ডেকে আনবে। ম্যাক্রোঁ বলেন, বিশ্বের বড় শক্তিগুলো পৃথিবীকে ভাগ করে নেওয়ার প্রবণতা দেখাচ্ছে এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রভাব কমে আসছে।
এমন সময় যখন গ্রিনল্যান্ড আক্রমণের ভয় বা কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে গ্রহণের হুমকি নিয়ে মানুষ দুশ্চিন্তায় আছে, তখন জাতিসংঘে পুনরায় বিনিয়োগ করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ম্যাক্রোঁ। তিনি জানান, জাতিসংঘের বৃহত্তম অবদানকারীরা যখন এই বিশ্ব সংস্থায় আর বিশ্বাস স্থাপন করছে না, তখন এর কার্যকারিতা ফিরিয়ে আনার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

