গ্রোক দিয়ে নারীদের পোশাক সরাচ্ছেন ব্যবহারকারী, তীব্র সমালোচনায় মাস্ক

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৪:২৪ পিএম
গ্রোক দিয়ে নারীদের পোশাক সরাচ্ছেন ব্যবহারকারী, তীব্র সমালোচনায় মাস্ক

ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই (xAI) বর্তমানে গুরুতর সমালোচনার মুখে পড়েছে। তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘গ্রোক’ ব্যবহার করে বাস্তব জীবনের নারীদের যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করা হচ্ছে। ব্যবহারকারীরা এই টুলের সাহায্যে বিভিন্ন ব্যক্তির ছবি থেকে পোশাক ‘ডিজিটালি খুলে’ তাদের অনৈতিকভাবে উপস্থাপন করছেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

গত সপ্তাহ থেকে এমন অনেক ছবি দেখা গেছে যেখানে নাবালকদের দেখানো হয়েছে, যাকে অনেকেই শিশু পর্নোগ্রাফি বলে অভিহিত করছেন। পর্যাপ্ত সুরক্ষা বা ‘গার্ডরেইল’ না থাকায় এআই এবং সোশ্যাল মিডিয়ার এই যৌথ ব্যবহার নারী ও শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ধরনের কনটেন্ট দেশীয় ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক্সএআই দাবি করেছে, তারা এক্স প্ল্যাটফর্ম থেকে অবৈধ কনটেন্ট, বিশেষ করে শিশু নির্যাতনমূলক উপাদান সরাতে এবং জড়িতদের অ্যাকাউন্ট বন্ধ করতে বদ্ধপরিকর। তবে শুরু থেকেই চ্যাটজিপিটি বা জেমিনির মতো সীমাবদ্ধতা না থাকায় এবং এক্সের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় গ্রোক অন্যতম ঝুঁকিপূর্ণ টুল হিসেবে আবির্ভূত হয়েছে। সেন্সরশিপ বিরোধী মাস্কের এই প্ল্যাটফর্মে অশ্লীল ছবির বন্যা থামাতে প্রশাসনের পদক্ষেপ এখনও যথেষ্ট মনে করছেন না সমালোচকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...