তুর্কমান গেটে উচ্ছেদ অভিযান, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম
তুর্কমান গেটে উচ্ছেদ অভিযান, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ

ভারতের রাজধানী দিল্লির তুর্কমান গেট এলাকায় শতবর্ষী ফাইজ-ই-ইলাহি মসজিদের সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযানের বিরোধিতায় স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। এসময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও জনতা পাল্টা পাথর ছোড়ে।

মঙ্গলবার বিকেলে দিল্লি হাইকোর্টের নির্দেশের পর এমসিডি এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে। মসজিদ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, উচ্ছেদ হওয়া জায়গাটি তাদের লিজ নেওয়া এবং তারা ওয়াকফ বোর্ডকে নিয়মিত ভাড়া দিত। বুধবার সকালে একটি বিয়ের বাড়ি, ডায়াগনস্টিক সেন্টার, হজযাত্রীদের থাকার ব্যবস্থা, সড়ক ও পার্কিং এলাকা ভেঙে দেওয়া হয়। প্রায় ৩২টি বুলডোজার রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে রাত ১১টার মধ্যে সেখানে ৯ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ২৫ জন সহকারী কমিশনার, ৮০০ পুলিশ সদস্য এবং আধাসামরিক বাহিনীর ১০টি কোম্পানি মোতায়েন করা হয়। রাত সাড়ে ১১টায় মসজিদের আশপাশে জনসমাগম বাড়লে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এই ঘটনায় পুলিশ অন্তত পাঁচজনকে আটক করেছে এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...