মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড, ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়ছে
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত ইরানি নাগরিক আলী আরদেস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বুধবার বিচার বিভাগীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালত তাকে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও সরবরাহ এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণের অপরাধে অভিযুক্ত করে এই চূড়ান্ত সাজা প্রদান করেন।
গত বছর জুনে ইসরাইলের সাথে ইরানের ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ক্ষয়ক্ষতির পর তেহরান নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। তবে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, জোরপূর্বক স্বীকারোক্তির ওপর ভিত্তি করে এই সাজা দেওয়া হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই।
জুনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্তত ১২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া গণবিক্ষোভের মধ্যে এটিই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। বিশ্লেষকদের মতে, বিক্ষোভের মধ্যে এমন পদক্ষেপ জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে চায় ইরান। চীনের পর বিশ্বে ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়, যা গত বছর প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

