বিজ্ঞাপন

মোসাদের গুপ্তচরের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকারীদের

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৩:৩৮ এএম
মোসাদের গুপ্তচরের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকারীদের

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আলী আরদেস্তানি নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বুধবার দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও ও তথ্য সরবরাহ এবং বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

গত বছরের জুনে ইসরাইলের সাথে সংঘটিত ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের হার ব্যাপকভাবে বেড়েছে। ওই সংঘাতের পর থেকে এ পর্যন্ত মোসাদের পক্ষে কাজ করার অভিযোগে অন্তত ১২ জনের ফাঁসি কার্যকর হলো। গত ২৮ ডিসেম্বর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে গণবিক্ষোভ শুরু হয়েছে, তার মধ্যেই এটি প্রথম কোনো গুপ্তচরের মৃত্যুদণ্ড। বিশ্লেষকদের মতে, বিক্ষোভ দমনে জনগণের মনে ভীতি সৃষ্টি করতেই এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে ইরানি সরকার।

বিজ্ঞাপন

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এই বিচার প্রক্রিয়ার ন্যায়বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম জানিয়েছেন, জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে এই সাজা দেওয়া হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। তবে এই পরিস্থিতির মধ্যেও মোসাদ তাদের ফার্সি সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ইরানি নাগরিকদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...