মোসাদের গুপ্তচরের ফাঁসি, ইরানে কড়া নিরাপত্তা ব্যবস্থা

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৩:২৪ এএম
মোসাদের গুপ্তচরের ফাঁসি, ইরানে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অপরাধে আলী আরদেস্তানি নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বুধবার দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান এই খবর নিশ্চিত করেছে। সংবেদনশীল স্থাপনার গোপন তথ্য ও ছবি সরবরাহ করে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ লেনদেনের দায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তাকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

গত বছরের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘটিত ১২ দিনের সংঘাতের পর থেকে তেহরান এই ধরণের অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ওই সময় ইরানের সামরিক অবকাঠামো ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, চলতি বছরের জুন মাস থেকে শুরু করে এ পর্যন্ত মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অন্তত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে, এরই মধ্যে এই ফাঁসি কার্যকর করা হলো। তবে নরওয়েভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম দাবি করেছেন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে এই সাজা দেওয়া হয়েছে যা ন্যায়বিচারের পরিপন্থী।

বিশ্লেষকদের মতে, চলমান গণবিক্ষোভের মধ্যে এমন কঠোর পদক্ষেপ জনগণের মনে ভীতি সৃষ্টির অংশ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, চীনের পর ইরানেই সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়, যা গত বছর প্রায় দেড় হাজারে পৌঁছেছিল। অন্যদিকে, মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে এই দুই প্রতিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা দিন দিন জটিল আকার ধারণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...