ইরানের বিরুদ্ধে হামলা হলে শত্রুর হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির জেরে কড়া ভাষায় সাড়া দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। গত বুধবার আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের কোনো ধরনের আগ্রাসী বক্তব্য বা হুমকি মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো আক্রমণকারীর হাত ইরান কেটে দিয়ে যথাযথ জবাব দেবে।
সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আমির হাতামি জানান, যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি শক্তিশালী। গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১২ দিনব্যাপী ওই সংঘর্ষে ১ হাজার ৬৪ জন নিহত হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে ২৪ জুন ইরানের সফল পাল্টা আক্রমণের মাধ্যমে ওই আগ্রাসন থামানো সম্ভব হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ভুল করলে তাদের আরও শক্তিশালী প্রতিরোধের মুখে পড়তে হবে।
দেশে চলমান বিক্ষোভ নিয়েও কথা বলেন এই সেনাকর্মকর্তা। তার মতে, সাধারণ প্রতিবাদ স্বাভাবিক হলেও দাঙ্গায় রূপ নেওয়া ইরানের সংস্কৃতির বিরোধী এবং এটি শত্রুদের পরিকল্পনা থেকে ঘটছে। তিনি জানান, বিক্ষোভের সাথে ডোনাল্ড ট্রাম্প বা বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সম্পর্ক নেই। ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থা রক্ষায় সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি।

