জানুয়ারির ঝড়ে ইউরোপ, ইরানে সংঘাত ও ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১২:১৯ এএম
জানুয়ারির ঝড়ে ইউরোপ, ইরানে সংঘাত ও ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি

ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এমন পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, বাইরের কোনো শক্তির হুমকি তেহরান মেনে নেবে না এবং প্রয়োজনে তার কঠোর জবাব দেওয়া হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে সরকারবিরোধী আন্দোলনে সমর্থনের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে ওয়াশিংটন। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্পের এই ইঙ্গিতের পর ডেনমার্ক সতর্ক করে দিয়ে বলেছে, এরূপ পদক্ষেপ ন্যাটো জোটকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। অন্যদিকে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আবহাওয়ার করুণ পরিস্থিতির মুখে পড়েছে পশ্চিম ইউরোপ। গত বুধবার (৭ জানুয়ারি) আটলান্টিক উপকূলে আঘাত হেনেছে বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’। এর প্রভাবে তীব্র তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিবেশের কারণে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল, ট্রেন চলাচলে বিঘ্ন এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...