মার্কিন ভিসার জামানত ফেরত পাওয়ার শর্ত ও বাতিলের কারণ

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৪:০৪ পিএম
মার্কিন ভিসার জামানত ফেরত পাওয়ার শর্ত ও বাতিলের কারণ

বাংলাদেশিসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে এখন থেকে নির্দিষ্ট পরিমাণ জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব ধরনের বিধি-নিষেধ মেনে চললে এই জামানতের অর্থ ফেরত পাবেন আবেদনকারীরা। এর আগে ঘোষণা করা হয়েছিল, পাঁচ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা ধরে)।

ভিসা বন্ডের অর্থ ফেরত পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নথিপত্রে সঠিক তথ্য থাকা জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ত্যাগ করলে, ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করলে বা বিমানবন্দর থেকে প্রবেশাধিকার না পেয়ে ফেরত আসলে এই অর্থ ফেরত পাওয়া যাবে। অন্যদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে, অতিরিক্ত সময় পর দেশ ছেড়ে চলে আসলে অথবা অভিবাসী হওয়ার আবেদন বা আশ্রয় (অ্যাসাইলাম) চাইলে জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই নতুন নিয়মে ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমনের জন্য নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমেই কেবল যাতায়াত করতে পারবেন তারা। নির্ধারিত এই পথ ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে প্রবেশ করলে প্রবেশাধিকার প্রত্যাখ্যান হতে পারে অথবা ত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...