ইউরোপে ভয়াবহ তুষারপাতে ৬ জনের মৃত্যু, বিমান চলাচল বিপর্যস্ত
মহাদেশটিতে তীব্র শীত ও বরফাচ্ছন্ন পরিবেশের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অন্তত ছয়জনের মৃত্যু এবং বিমান ও স্থলপথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিপর্যয় ঘটেছে। ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়ায় একজন নিহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদে বরফ জমে তিনজনের মৃত্যু হয়। প্যারিসের কাছে একটি ভারী গাড়ির সঙ্গে সংঘর্ষে একজন প্রাণ হারান। আরেকটি ঘটনায় তুষারের কারণে ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজন নিহত হন। অন্যদিকে, বসনিয়ার রাজধানী সারায়েভোতে ভারী বরফের চাপে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের ৩৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
বিমান চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে বুধবার সকালে ৪০ শতাংশ এবং অরলিতে প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসের স্কিপহোল বিমানবন্দরে কেএলএমসহ ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বরফ গলানোর তরল শেষ হয়ে যাওয়ায় এই সমস্যা তীব্র হয়েছে। এ অবস্থায় স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা বলেন, বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ ‘অরাজক ও হতাশাজনক’। ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তিনি সেবা পাননি।
রেল যোগাযোগেও বিঘ্ন ঘটেছে। নেদারল্যান্ডসে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো নাগরিকদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবারও দেশটিতে তুষারপাত অব্যাহত থাকতে পারে, যা যাত্রী ভোগান্তি আরও বাড়াতে পারে।

