বিতর্কিত মন্তব্য চবানের, ট্রাম্প কি মোদিকে অপহরণ করবেন?
ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবান এমন এক প্রশ্ন তুলেছেন যা দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন? এই মন্তব্যের জেরে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এসপি বৈদ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন আলোচনা সারা দেশকেই অসম্মানিত করেছে। তিনি মন্তব্য করেন, কথা বলার আগে অন্তত চিন্তা করা উচিত ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতের ওপর আরোপিত শুল্কের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন পৃথ্বীরাজ চবান। তিনি অভিযোগ করেন, ৫০ শতাংশ শুল্কের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে এবং ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। তবে বাস্তব পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মার্কিন বাজারে ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলার। এছাড়া একই সময়ে নভেম্বর মাসে ভারতের রপ্তানি আয় বেড়েছে ২২.৬১ শতাংশ, যা ৬.৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এসপি বৈদ মনে করেন, পৃথ্বীরাজ চবানের এই বক্তব্য কংগ্রেসের দৃষ্টিভঙ্গিকেই ফুটিয়ে তুলেছে যা দেশের জন্য অপমানজনক। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ চবানের এই মন্তব্যকে মূর্খতাপূর্ণ ও অবিবেচক আখ্যা দিয়েছেন। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের একটি অডিও ক্লিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে সমালোচনা করেছিলেন। এমতাবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি ভারতের বিরুদ্ধে এই ধরনের মানসিকতার প্রতি সমর্থন জানাচ্ছে?

