ট্রাম্পের হুমকিতে ডেনমার্ক, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোর পতন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটো সদস্য গ্রিনল্যান্ডের ওপর সামরিক হামলা চালায়, তবে তা ন্যাটো জোটের অস্তিত্বই বিলুপ্ত করে দেবে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হঠাৎ অভিযান ও পরবর্তীতে ট্রাম্পের গ্রিনল্যান্ড প্রসঙ্গে নতুন করে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হলো।
গত শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। এর পরপরই ট্রাম্প জানান, আগামী ২০ দিন পর তারা গ্রিনল্যান্ড নিয়ে কথা বলবেন। এমন পরিস্থিতিতে ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি টু-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ যে নিরাপত্তা কাঠামোর ওপর টিকে আছে, ন্যাটো সদস্যের ওপর হামলা তা ভেঙে চুরমার করে দেবে। খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের দাবি বারবার উত্তেজনা তৈরি করছে।
তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিয়েলসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলার সাথে গ্রিনল্যান্ডের তুলনা করা যায় না এবং কোনো দেশ এক রাতের মধ্যে তাদের দখল করতে পারবে না। তিনি দ্বীপবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে, ইউরোপীয় নেতারা ডেনমার্কের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করলেও, ট্রাম্পের ‘২০ দিনের’ হুঁশিয়ারি কোপেনহেগেন ও নুকে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

