মালয়েশিয়ায় ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট: বাংলাদেশি শিক্ষার্থীদের প্রাধান্য
মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার (ইউটিএম) জোহর বাহরু ক্যাম্পাসে প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’। গত ২ জানুয়ারি আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষা উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষাঙ্গনে ওপেন সোর্স প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের ব্যবহার ও কার্যকারিতা আরও বাড়ানো। মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এবং বাংলাদেশি ওয়েব ডেভেলপার নাসিম মিয়ার সহযোগিতায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ আয়োজক এই ইভেন্টটি পরিচালনা করেন।
এই আয়োজনে চারজন স্পিকার বিভিন্ন বিষয়ে কথা বলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আসা নাসিম মিয়া শিক্ষার্থীদের ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজিটাল ক্যারিয়ার গড়ার বাস্তব দিকগুলো তুলে ধরেন। আয়োজক ইভস ট্যান মন্তব্য করেন, ওয়ার্ডপ্রেস কেবল একটি টুলই নয়, এটি একটি বৈশ্বিক কমিউনিটি, যা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। মোট পাঁচটি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন এবং বাংলাদেশি শিক্ষার্থীরা ভলেন্টিয়ার হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়োজিত কুইজ সেশনে সেরা পাঁচ বিজয়ীর মধ্যে দুইজনই বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী মুরসালি নবিন করিম জানান, এই ইভেন্ট তাদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার বিষয়টি বুঝতে সাহায্য করেছে। মেহেদী হাসান রাতুল মনে করেন, ক্লাসরুমের বাইরে এমন আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যতে টেক ক্যারিয়ার গড়তে তাদের আত্মবিশ্বাস জোরদার করবে। আয়োজকরা আশা করছেন, মালয়েশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই কর্মসূচি সম্প্রসারিত হবে, যা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে ও ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হতে সহায়ক হবে।

