মোদিকে অপহরণ করবেন ট্রাম্প? বিতর্কিত মন্তব্য চবানের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৯:১৩ পিএম
মোদিকে অপহরণ করবেন ট্রাম্প? বিতর্কিত মন্তব্য চবানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন—এমন এক বিস্ময়কর প্রশ্ন তুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবান। একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অবিবেচক মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মূর্খতাপূর্ণ ও অশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন নেটিজেনরা। এ নিয়ে তোপের মুখে পড়েছে গোটা কংগ্রেস দলটি।

এ বিষয়ে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এসপি বৈদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে সারা দেশ হতবাক হয়ে গেছে। তিনি বলেন, এটি দেশকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে চবান এই মন্তব্য করেছিলেন। তবে বাস্তবে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলার। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের একটি অডিওর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, দেশের বিরুদ্ধে এমন মানসিকতা নিয়ে কি কংগ্রেস রাজনীতি করছে? এসপি বৈদ মনে করেন, চবানের এই বক্তব্যই কংগ্রেসের দৃষ্টিভঙ্গির বাস্তব চিত্র তুলে ধরেছে। অন্যদিকে, শুল্ক বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের মুনাফা কমে যাওয়ার কথা উল্লেখ করে চবান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প বাজার অনুসন্ধানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...