ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ পেত্রোর, বললেন এসো আমাকে ধরো
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাংদেহ অবস্থান নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সোমবার (৫ জানুয়ারি) এক জনসভায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করে বলেন, আপনি এসে আমাকে গ্রেপ্তার করুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। এর আগে মাদুরোকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেছিলেন, জনপ্রিয় কোনো নেতাকে আটক করলে জনগণের মধ্যে থাকা ‘জাগুয়ার’ মুক্ত হয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পেত্রো সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ার মাটিতে বোমা হামলা চালায়, তবে দেশের সাধারণ কৃষকরা পাহাড়ে আশ্রয় নিয়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবে। একজন প্রাক্তন বিদ্রোহী নেতা হিসেবে তিনি জানান, তিনি যদিও অস্ত্র ধরা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় আবারও তিনি বন্দুক হাতে তুলে নিতে প্রস্তুত। এদিকে, রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তোলেন এবং বলেন, দেশটি এমন একজনের দ্বারা পরিচালিত হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করেন।
পেত্রোর এমন সাহসী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক্স প্ল্যাটফর্মে অনেকেই পেত্রোর এই মনোভঙ্গির সঙ্গে আগে মাদুরোর বক্তব্যের তুলনা করেছেন। এই ঘটনার পর দক্ষিণ আমেরিকায় মার্কিন প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে এবং মাদুরো গ্রেপ্তারের পর থেকে ওয়াশিংটন ও বোগোতার মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

