ট্রাম্প কি মোদীকে অপহরণ করবেন? চবানের বক্তব্যে বিতর্ক
ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের একটি বিস্ফোরক মন্তব্য জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করতে পারেন? মার্কিন প্রশাসনের শুল্ক নীতির প্রেক্ষাপটে চবানের এমন মন্তব্য দেশবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ প্রধান এসপি বৈদ চবানের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অবিবেচক মন্তব্য জাতির জন্য অপমানজনক। এসপি বৈদ মন্তব্য করেন, পৃথ্বীরাজ চবানের কথায় কংগ্রেসের আসল চেহারা ফুটে উঠেছে এবং কথা বলার আগে চিন্তা-ভাবনা করা উচিত ছিল। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের একটি অডিও ক্লিপের উদ্ধৃতি দিয়ে মোদীকে ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকা বলে দাবি করেছিলেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পরেও ভারতের রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলার। একইসঙ্গে নভেম্বর মাসে এককভাবে রপ্তানি বৃদ্ধির হার ২২.৬১ শতাংশ, যা ৬.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি নিজ দেশের বিরুদ্ধে এই ধরনের বিভ্রান্তিকর ভাবধারার প্রতি সমর্থন জ্ঞাপন করছে?

