ন্যাটো সুরক্ষায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দরকার, মন্তব্য সহকারীর

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৮:০২ পিএম
ন্যাটো সুরক্ষায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দরকার, মন্তব্য সহকারীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার দাবি করেছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দেশ যুদ্ধে লিপ্ত হবে না। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মিলার মনে করেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এবং ন্যাটো জোটের স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সাক্ষাৎকারে মিলার প্রশ্ন তোলেন, ডেনমার্ক কোন আইনি ভিত্তিতে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ দাবি করছে। তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়া ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান। তার মতে, আর্কটিক সুরক্ষিত রাখতে এবং ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা জরুরি।

এর আগে রোববার (৪ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প পুনরায় জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। ট্রাম্পের এই বক্তব্যের জেরে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গ্রিনল্যান্ডে হামলা হলে ন্যাটোর অস্তিত্ব বিপন্ন হবে। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেনসহ ছয় ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...