ভেনেজুয়েলার সঙ্গে তুলনা: চবানের মন্তব্যে নিন্দার ঝড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপহরণ করবেন—কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন বিতর্কিত প্রশ্নের জেরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এসপি বৈদ বলেছেন, একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের অবিবেচক মন্তব্য জাতীয় অপমানের শামিল এবং এটি কংগ্রেসের আদর্শেরই বহিঃপ্রকাশ।
চবান মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কনীতির প্রেক্ষাপটে এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ৫০ শতাংশ শুল্কের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে এবং ভারতীয় ব্যবসায়ীরা মার্কিন বাজার থেকে মুনাফা হারাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চবানের এই বক্তব্যকে অশিক্ষিত ও মূর্খতাপূর্ণ আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এ প্রসঙ্গে এসপি বৈদ টুইট করে বলেন, ভেনেজুয়েলার মতো ঘটনা ভারতে ঘটবে এমন ধারণায় কথা বলা সমগ্র জাতিকে ছোট করেছে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন।
তবে বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যা ৫৯.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এমনকি গত নভেম্বর মাসে একক মাসের হিসেবে রপ্তানি বেড়েছে ২২.৬১ শতাংশ, যার পরিমাণ ৬.৯৮ বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের বিরুদ্ধে এমন মানসিকতা নিয়ে কি কংগ্রেস রাজনীতি করছে?

