বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি, ট্রাম্পকে কঠোর বার্তা মেক্সিকোর
লাতিন আমেরিকায় যেকোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বার্তা দেন তিনি। শেনবাউম জানান, মেক্সিকো অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কখনও সমর্থন করে না এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত ৮০ জন প্রাণ হারান। এই অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামন দে লা ফুয়েন্তে জাতিসংঘের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তার মতে, শক্তিশালী রাষ্ট্রগুলোর আধিপত্য রোধে ও আন্তর্জাতিক আইন রক্ষায় জাতিসংঘ বর্তমানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্প মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট মাদক কার্টেলগুলোর ভয়ে আতঙ্কিত এবং এই পরিস্থিতিতে সেখানে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন। লাতিন আমেরিকার ইতিহাস তুলে ধরে শেনবাউম জানান, বিদেশি হস্তক্ষেপ কখনও কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা আনতে পারেনি। তবে এই হুমকিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শেনবাউম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো আক্রমণের আশঙ্কা তিনি করছেন না এবং এসব বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখারও কোনো কারণ নেই।

