ট্রাম্প মোদিকে অপহরণ করবেন? কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন বিতর্কিত প্রশ্ন ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র সমালোচনার ঝড় বয়ে গেছে। সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এসপি বৈদ এই মন্তব্যকে দেশবিরোধী ও অবিবেচক আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন চিন্তাভাবনা পুরো জাতিকে অপমান করে।
চবান এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারতবিরোধী কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে। তিনি দাবি করেন, ৫০ শতাংশ শুল্কের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে এবং ব্যবসায়ীরা মার্কিন বাজার থেকে লাভ করতে পারছেন না। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেছিলেন যে নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে রয়েছেন। এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতাদের এই ধরনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা চবানের এই বক্তব্যকে মূর্খতাপূর্ণ ও অশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন। এসপি বৈদ মন্তব্য করেন, এটি কংগ্রেসের আদর্শকে প্রতিফলিত করে যা দেশের জন্য অপমানজনক। তবে বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। শুল্ক বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের মার্কিন রপ্তানি ১১.৩৮ শতাংশ বেড়ে ৫৯.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে কেবল নভেম্বর মাসেই এই বৃদ্ধি ২২.৬১ শতাংশ।

