এরদোয়ান-ট্রাম্পের ফোনালাপ: ভেনেজুয়েলা ও এফ-৩৫ নিয়ে আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই কথোপকথনে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং গাজা যুদ্ধ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকটময় পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে জানা গেছে।
মন্ত্রিসভা বৈঠক শেষে এক টিভি সাক্ষাৎকারে এরদোয়ান জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের বিষয়টি তিনি ট্রাম্পের সামনে তুলেছেন। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ। আইনকে উপেক্ষা করে শক্তি প্রয়োগ করলে যে অস্থিতিশীলতা ও সংঘাত তৈরি হয়, তা প্রতিহত করতে হবে। তিনি ভেনেজুয়েলার স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বন্ধুপ্রতীম দেশটির জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে রাশিয়ার এস-৪০০ ক্রয়ের জেরে ২০১৯ সাল থেকে স্থগিত হয়ে থাকা এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্ককে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন এরদোয়ান। ট্রাম্পের ক্ষমতায় আসার পর দুই পক্ষের মধ্যে এই বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে। এরদোয়ান মনে করেন, তার দেশকে অন্যায়ভাবে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং ওয়াশিংটন শিগগিরই তাদের পুনরায় অন্তর্ভুক্ত করবে, যা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

