ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ড ও কলম্বিয়ার দিকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বেশ আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে কারাকাস থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে বার্তা দিয়েছেন, তার ধারাবাহিকতায় এবার তার নজর পশ্চিম গোলার্ধের অন্যান্য দেশের দিকে। মনরো ডকট্রিনের আদলে ‘ডনরো ডকট্রিন’ প্রয়োগের মাধ্যমে আমেরিকার আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় ট্রাম্প ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড ও কলম্বিয়াকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাম্প। দ্বীপটির কৌশলগত অবস্থান এবং স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য অপরিহার্য বিরল খনিজ সম্পদের কারণে তিনি পুরো দ্বীপটির ওপর দখল চান। রুশ ও চীনা জাহাজের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করা ওয়াশিংটনের জন্য অপরিহার্য। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন এই প্রস্তাবকে ‘কল্পনা’ বলে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক আইন মেনেই সংলাপের ওপর জোর দিয়েছেন।
এদিকে, ভেনেজুয়েলা অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করেছেন। তেল ও মূল্যবান পাথরে সমৃদ্ধ কলম্বিয়াকে মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌহামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বামপন্থি সরকারের ওপর এই চাপ প্রয়োগের মাধ্যমে ট্রাম্প নিজের প্রভাব বলয় সুসংহত করতে চাইছেন। বরফ গলে নতুন নৌপথ তৈরির সম্ভাবনার মধ্য দিয়ে আর্কটিক অঞ্চলেও নিজেদের আধিপত্য বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন।

