বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের সম্পদে রেকর্ড বৃদ্ধি
চলতি ২০২৫ সালে বিশ্বের শীর্ষ সম্পদশালীদের ভাগ্যে বড় পরিবর্তন এসেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ এই বছর রেকর্ড ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি জয় এবং ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতুর দাম বৃদ্ধি এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এর ফলে শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ এখন ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মোট সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশই এসেছে মাত্র আটজন বিলিয়নিয়ারের কাছ থেকে। ইলন মাস্ক, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং ল্যারি পেজসহ এই আটজন ব্যক্তির সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। এদের মধ্যে ইলন মাস্কের সম্পদ একা ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়ে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, বিরল ধাতু খাতে বিনিয়োগের সুবাদে অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার জিনা রাইনহার্ট তার সম্পদ প্রায় তিনগুণ বৃদ্ধি করে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছেন। তবে সবাই লাভবান হননি, ফিলিপাইনের ম্যানুয়েল ভিলার তার আবাসন কোম্পানির শেয়ারের দরপতনের কারণে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।
অক্সফামের হিসাব অনুযায়ী, ধনীদের এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি পৃথিবীর ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করতে সক্ষম ছিল। সংস্থাটির নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘অসমতা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত।’ তিনি আরও মন্তব্য করেন, সাধারণ মানুষের সম্পদ স্থবির থাকা বা কমে যাওয়ার বিপরীতে ঋণের সংকট বাড়লেও শীর্ষ পর্যায়ে সম্পদের পাহাড় জমছে।

