বিলিয়নিয়ারদের সম্পদে বিপুল বৃদ্ধি, রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার যোগ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১১:২২ এএম
বিলিয়নিয়ারদের সম্পদে বিপুল বৃদ্ধি, রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার যোগ

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদে রেকর্ড সংখ্যক ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার যোগ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি জয় এবং ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতব পণ্যের বাজারের উত্থান এই সম্পদ বৃদ্ধির মূল চালিকাশক্তি। এর ফলে শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে।

মোট লাভের প্রায় এক-চতুর্থাংশের মালিক মাত্র আটজন বিলিয়নেয়ার। ইলন মাস্কের সম্পদ ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়ে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার লাভ করে তার মোট সম্পদ ২৪৯ দশমিক ৮ বিলিয়নে নিয়ে গেছেন। অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার জিনা রাইনহার্ট বিরল ধাতু খাতে বিনিয়োগের মাধ্যমে সম্পদ তিনগুণ বাড়িয়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। অন্যদিকে, ফিলিপাইনের ম্যানুয়েল ভিলার তার কোম্পানির শেয়ারের দাম ৮০ শতাংশ কমে যাওয়ায় ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।

অক্সফামের হিসাব অনুযায়ী, বিলিয়নেয়ারদের এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি পৃথিবীর ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে সক্ষম ছিল। সংস্থাটির নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, অসমতা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত। সাধারণ মানুষের সম্পদ স্থবির হয়ে থাকার সময় ঋণের সংকট গভীর হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...