২০২৫ সালে ধনীদের সম্পদে রেকর্ড বৃদ্ধি ২.২ ট্রিলিয়ন ডলার

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১১:১২ এএম
২০২৫ সালে ধনীদের সম্পদে রেকর্ড বৃদ্ধি ২.২ ট্রিলিয়ন ডলার

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদ বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে তাদের মোট সম্পদ বেড়েছে প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যার ফলে তাদের সম্মিলিত নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি বিজয় এবং এর প্রভাবে ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতব পণ্যের বাজারে ঊর্ধ্বগতি এই অভাবনীয় সম্পদ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

মোট সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশই এসেছে ইলন মাস্ক, জেফ বেজোস, ল্যারি এলিসন ও ল্যারি পেজসহ আটজন বিলিয়নেয়ারের পক্ষ থেকে। এর মধ্যে ইলন মাস্কের সম্পদ ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়ে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। অপরদিকে, বিরল ধাতু খাতে বিনিয়োগের সুবাদে অস্ট্রেলিয়ান ধনকুবের জিনা রাইনহার্টের সম্পদ প্রায় তিনগুণ বেড়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে ফিলিপাইনের ম্যানুয়েল ভিলার তার কোম্পানির শেয়ার দর পতনের কারণে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।

অক্সফামের হিসাব অনুযায়ী, শীর্ষ ধনীদের এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি বিশ্বের ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করার জন্য যথেষ্ট ছিল। সংস্থাটির নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, সাধারণ মানুষের সম্পদ স্থবির হয়ে পড়া এবং ঋণের সংকট গভীর হওয়ার মধ্যে এই অসমতা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্তের ফলাফল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...