মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় মার্কিন আদালতে নির্দোষ দাবি মাদুরোর

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১০:০১ এএম
মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় মার্কিন আদালতে নির্দোষ দাবি মাদুরোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে ট্রাম্প প্রশাসনের দায়ের করা অস্ত্র ও মাদক পাচারের অভিযোগের মুখে নিজেদের নির্দোষ দাবি করেন এই দম্পতি।

মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে শুনানিকালে মাদুরো জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন এবং তিনি এতে দোষী নন। তার স্ত্রীও একইভাবে নিজের নির্দোষতা দাবি করেছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে তাদের আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তাকে তার বাড়ি থেকে অপহরণ করেছে। অভিযোগে বলা হয়েছে, দশকেরও বেশি সময় ধরে মাদুরো সশস্ত্র গোষ্ঠী ও সরকারি কর্মকর্তাদের সহায়তায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে কোকেইন পাচারের ষড়যন্ত্র পরিচালনা করেছেন।

বর্তমানে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। আদালত তাদের কনস্যুলার সহায়তার অধিকার সম্পর্কে অবহিত করলেও তারা এখনো জামিনের আবেদন করেননি। এদিকে, মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রয়োজনে সামরিক বাহিনী মোতায়েন করে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...