ভেনেজুয়েলার নতুন নেতার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত ও সামরিক হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৯:৫৩ এএম
ভেনেজুয়েলার নতুন নেতার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত ও সামরিক হুঁশিয়ারি

ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজের কাছে একগুচ্ছ কঠোর শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই শর্তগুলো পূরণ না হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে চাপ বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটন তিনটি নির্দিষ্ট পদক্ষেপ চেয়েছে। এর মধ্যে রয়েছে মাদক পাচার রোধ করা, ইরান ও কিউবাসহ ওয়াশিংটনবিরোধী দেশগুলোর গুপ্তচরদের বহিষ্কার করা এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করা। যুক্তরাষ্ট্র আশা করছে, রদ্রিগেজ শেষ পর্যন্ত অবাধ নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দেবেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মাদুরোর তুলনায় রদ্রিগেজের কাছ থেকে বেশি সহযোগিতা পাওয়ার আশা করছে তারা।

গত রোববার এয়ার ফোর্স ওয়ানে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা বর্তমানে শান্ত আছে, কিন্তু শক্তিশালী বাহিনীর কারণে তাদের প্রতি চাপ প্রয়োগ সম্ভব হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রয়োজনে দ্বিতীয়বার হামলা করা হবে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ৩ কোটি মানুষের এই দেশটিতে ভুল কোনো পদক্ষেপ বড় ধরনের সহিংসতার কারণ হতে পারে। হোয়াইট হাউস অবশ্য দাবি করেছে, এটি কোনো সরকার উৎখাতের অভিযান নয়, বরং একজন মাদকসম্রাটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ মাত্র।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...