যুক্তরাজ্যে ফিলিস্তিনের দূতাবাস চালু, ঐতিহাসিক মুহূর্ত

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৯:৩২ এএম
যুক্তরাজ্যে ফিলিস্তিনের দূতাবাস চালু, ঐতিহাসিক মুহূর্ত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ দূতাবাস চালু হলো। সোমবার, ৫ জানুয়ারি থেকে লন্ডনে অবস্থিত এই কূটনৈতিক মিশনটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে, যা ব্রিটিশ রাজধানীতে ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতীক।

পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’ ভবনেই এই দূতাবাস স্থাপিত হয়েছে। নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন হুসাম জোমলত। দূতাবাস উদ্বোধনের পর তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি। ব্রিটেনে পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। এর প্রায় সাড়ে তিন মাস পর এই কূটনৈতিক মিশন দূতাবাসে উন্নীত হলো। গাজায় ইসরায়েলি হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া, স্পেন ও কানাডার মতো বেশ কয়েকটি দেশও ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭০০ জনে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭১ হাজার মানুষ। পশ্চিম তীরে প্রয়াত নেতা ইয়াসের আরাফতের দল ফাতার নেতৃত্বাধীন পিএলও বর্তমানে রাজনৈতিক নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...