মাদুরো গ্রেফতার: ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে জাতিসংঘে বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৬:২৬ এএম
মাদুরো গ্রেফতার: ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে জাতিসংঘে বৈঠক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে নিউইয়র্কের সদর দপ্তরে শুরু হওয়া এই বৈঠকে ১৫ সদস্যের পরিষদ মার্কিন অভিযানের আন্তর্জাতিক বৈধতা খতিয়ে দেখছে। কলম্বিয়ার আহ্বানে ডাকা এই সভায় রাশিয়া ও চীন সমর্থন জানিয়েছে।

এর আগে গত শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসে হানা দিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ডেল্টা ফোর্স। মাদুরোকে সোমবার সকালে সশস্ত্র পাহারায় ব্রুকলিন থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে, যেখানে তার বিরুদ্ধে কোকেন পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে শুনানি অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই অভিযানকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ আখ্যা দিয়ে বলেছেন, সার্বভৌম রাষ্ট্রে এমন হস্তক্ষেপ জাতিসংঘ সনদের পরিপন্থী ও বিশ্বশান্তির জন্য ক্ষতিকর।

৬৩ বছর বয়সী মাদুরো সব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ লুটের লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাজানো নাটক সাজিয়েছে। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন আন্তর্জাতিক কার্টেল ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গত কয়েক মাসে ভেনেজুয়েলা নিয়ে নিরাপত্তা পরিষদের দুই দফা বৈঠক হলেও সাম্প্রতিক সামরিক অভিযানের পর পরিস্থিতি এখন চরম জটিল আকার ধারণ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...