ইরানে বিক্ষোভে নিহত ১২, গ্রেফতার শতাধিক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত রোববার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, এখন পর্যন্ত এই সংঘাতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ অভিযানে গ্রেফতার করা হয়েছে প্রায় ৫৮২ জনকে।
গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়। যদিও বিক্ষোভ মূলত পশ্চিমাঞ্চলের কুর্দি ও লোর জনগোষ্ঠীপ্রধান এলাকায় সীমাবদ্ধ, তবু এটি দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টিতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে অন্তত ৪০টি শহরে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগে মাহসা আমিনির মৃত্যুতে যে আন্দোলন হয়েছিল, তার পর এটিই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যেই চাপে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ঘোষণা দিয়েছেন, আগামী চার মাস নাগরিকরা মাসে প্রায় ৭ ডলার করে ভাতা পাবেন।
আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে সমালোচনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড চলতে থাকলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। রোববার ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের তিনি বলেন, ইরান যদি অতীতের মতো জনগণকে হত্যা করা শুরু করে, তবে আমেরিকা কঠোরভাবে জবাব দেবে।

