ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাদিকের করমর্দন, সম্পর্কে নতুন আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৫:০৩ এএম
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাদিকের করমর্দন, সম্পর্কে নতুন আলোচনা

চরম কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকা ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের দুই প্রতিনিধির মধ্যে এক অপ্রত্যাশিত করমর্দন দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। গত ৩১ ডিসেম্বর সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। পাকিস্তান জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, এসময় জয়শঙ্কর নিজের পরিচয় দিয়ে স্পিকারকে চিনতে পেরেছেন বলে জানান।

গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পর এটিই প্রথম উল্লেখযোগ্য যোগাযোগ বলে মনে করা হচ্ছে। পেহেলগাম হামলার জের ধরে ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ৮৭ ঘণ্টাব্যাপী এই সংঘাতে পাকিস্তান ফরাসি নির্মিত রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এরই মধ্যে ওই হামলার পেছনে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ তুলে ভারত ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, যাকে পাকিস্তান ‘পানি সন্ত্রাস’ বলে অভিহিত করেছে।

যদিও এই করমর্দনকে অনেকে সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখতে চাইছেন, তবে বিশ্লেষকদের অভিমত ভিন্ন। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয় বরং হঠাৎ ঘটা একটি ঘটনা। তার মতে, ভারত এখনও সংলাপের আগ্রহ দেখায়নি এবং শত্রুতামূলক বক্তব্য অব্যাহত রেখেছে। পিপিপির সিনেটর শেরি রহমানও একই মত পোষণ করে বলেন, বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়, এটি ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচার মাত্র। তিনি বলেন, সম্পর্কের প্রকৃত পরীক্ষা হবে ভারত স্থগিত করা পানি চুক্তি ও অন্যান্য প্রোটোকল পুনরায় চালু করতে আগ্রহী কিনা।

ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানও মনে করেন, এই করমর্দন কূটনৈতিক প্রোটোকলের বাইরে কিছু নয়। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ এখনও অনেকটাই দুর্গম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শেরি রহমান মনে করেন, দিল্লির উচিত বুঝে নেওয়া যে ভূগোল বদলানো সম্ভব নয় এবং যুক্তিবাদী আঞ্চলিক শক্তি হিসেবে পাকিস্তান সবসময় যুক্তি দিয়েই প্রতিক্রিয়া জানাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...