যুদ্ধের পর ঢাকায় ভারত-পাক কর্মকর্তাদের করমর্দন
গত মে মাসের সংঘাতপূর্ণ সামরিক সংঘর্ষের পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত মিলেছে। গত ৩১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। চার দিনব্যাপী যুদ্ধের পর তলানিতে ঠুসে থাকা দুই প্রতিবেশীর এই ঘনিষ্ঠতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত বছর মে মাসে পেহেলগাম হামলার জের ধরে ৮৭ ঘণ্টাব্যাপী তীব্র সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হলেও ভারত প্রমাণহীনভাবে পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে আসছে। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, তারা ফরাসি নির্মিত রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই সংঘাতের পর দিল্লি ১৯৬০ সালের ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, যাকে পাকিস্তান ‘পানি সন্ত্রাস’ বলে অভিহিত করেছে।
অবশ্য এই করমর্দনকে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মনে করছেন না অনেক বিশ্লেষক। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি জানিয়েছেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয় বরং হঠাৎ ঘটা একটি ঘটনা। তার মতে, ভারত এখনও সংলাপে আগ্রহী নয়। সিনেটর শেরি রহমানও একই মত পোষণ করে বলেছেন, এটি শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার। তিনি বলেন, আসল পরীক্ষা হবে ভারত যুদ্ধের পর স্থগিত করা চুক্তি ও প্রোটোকল পুনরায় চালু করতে চায় কিনা। আটলান্টিক কাউন্সিলের ফেলো মাইকেল কুগেলম্যানও একে প্রোটোকল মেনে চলার বিষয় বলেই মনে করেন।

