সংঘাত পরবর্তী সময়ে ঢাকায় ভারত-পাকিস্তানের করমর্দন
দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক সংঘাতের পর ঢাকায় ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে একটি করমর্দন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। মে মাসের চার দিনের সংঘাতের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের এমন কোনো যোগাযোগ, যা অনেকে সম্পর্কের অবনতি থামার ইঙ্গিত হিসেবে দেখছেন।
পেহেলগাম হামলার জেরে গত বছরের মে মাসে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র সামরিক সংঘাত দেখা দেয়। ৮৭ ঘণ্টা স্থায়ী এই যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। যুদ্ধে পাকিস্তান দাবি করে, তারা ফরাসি নির্মিত রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরপর থেকে দিল্লি ১৯৬০ সালের ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে, যাকে ইসলামাবাদ ‘পানি সন্ত্রাস’ বলে অভিহিত করেছে।
তবে এই করমর্দনকে বেশি গুরুত্ব দিতে নারাজ বিশ্লেষকরা। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা ছিল না বরং হঠাৎ ঘটা একটি প্রোটোকল মাত্র। পিপিপির সিনেটর শেরি রহমানও মনে করেন, এটি সম্পর্কের বরফ গলার কোনো বড় ইঙ্গিত নয়। তিনি বলেন, ভারত এখনো সংলাপের আগ্রহ দেখাচ্ছে না। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগেলম্যানও একে কূটনৈতিক শিষ্টাচার বলেই উল্লেখ করেছেন। তবে শেরি রহমান স্পষ্ট জানিয়েছেন, স্থগিত হওয়া চুক্তি ও প্রোটোকল পুনরায় চালুর জন্য দিল্লি যদি পাকিস্তানের দিকে হাত বাড়ায়, তবেই আসল পরিবর্তন আসবে।

