মাদুরোকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের অভিযান, জাতিসংঘে জরুরি বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৩:২৪ এএম
মাদুরোকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের অভিযান, জাতিসংঘে জরুরি বৈঠক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান পরিচালনা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই বৈঠক শুরু হয়। কলম্বিয়ার অনুরোধে আহূত এই বৈঠকে রাশিয়া ও চীন সমর্থন জানিয়েছে। ১৫ সদস্যের এই পরিষদে যুক্তরাষ্ট্রের এই অভিযানের আন্তর্জাতিক বৈধতা খতিয়ে দেখা হবে।

অপরদিকে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্র পাচারের মামলায় সোমবার সকালে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে হেলিকপ্টারযোগে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত যুদ্ধজাহাজ ‘ইউএসএস ইও জিমা’তে নিয়ে যায়। সেখান থেকে তাদের ব্রুকলিনের আটক কেন্দ্রে রাখার পর সশস্ত্র পাহারায় আদালতে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, মাদুরো আন্তর্জাতিক কোকেন পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি। তবে ৬৩ বছর বয়সী মাদুরো সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ লুটের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে এই অপপ্রচার ও পদক্ষেপ নিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...