জয়শঙ্কর-সাদিকের করমর্দন: দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৩:২২ এএম
জয়শঙ্কর-সাদিকের করমর্দন: দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন আলোচনা

গত ৩১ ডিসেম্বর ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি করমর্দন ঘটে। গত বছর মে মাসে চার দিনব্যাপী তীব্র সামরিক সংঘাতের পর দুই দেশের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছিল, তখন এই ঘটনা সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

পেহেলগামে হামলার জেরে ২০২৫ সালের মে মাসে দুই প্রতিবেশীর মধ্যে ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হলেও ওই সময় ভারত ইসলামাবাদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে, যা পাকিস্তান অস্বীকার করে। পাকিস্তানের দাবি, সংঘাতের সময় তারা ফরাসি নির্মিত রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। এই পটভূমিতে ঢাকায় দুই শীর্ষ পর্যায়ের প্রতিনিধির হাত মেলানোকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন।

যদিও পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি এই ঘটনাকে হঠাৎ এবং পরিকল্পিত নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সম্পর্কের অবনতির অবসান ঘটানোর কোনো শুরু নয়, কারণ ভারত এখনও সংলাপের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। পিপিপির সিনেটর শেরি রহমানও মনে করেন, শোকানুষ্ঠানে এটি ছিল ন্যূনতম সৌজন্য। তবে তিনি এও মন্তব্য করেন যে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত যে পানি সন্ত্রাস চালাচ্ছে, তা থেকে বেরিয়ে আসা জরুরি। সম্পর্কের প্রকৃত অগ্রগতি নির্ভর করবে ভারত কবে স্থগিত হওয়া কূটনৈতিক চুক্তিগুলো পুনরায় চালু করতে আগ্রহী হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...