ঢাকায় জয়শঙ্কর-সাদিকের হাত মেলান, সম্পর্ক উন্নতির আভাস?
দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে একটি করমর্দন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৩১ ডিসেম্বর ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সাথে সৌজন্যমূলক করমর্দন করেন। ২০২৫ সালের মে মাসে চার দিনব্যাপী সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম উল্লেখযোগ্য সরাসরি যোগাযোগ বলে বিবেচনা করা হচ্ছে।
পেহেলগামে হামলার জের ধরে গত বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৮৭ ঘণ্টাব্যাপী তীব্র সামরিক সংঘাত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের ১০ মে যুদ্ধবিরতি হলেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলার দায় চাপায় এবং ১৯৬০ সালের ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাকিস্তান অবশ্য ফরাসি নির্মিত রাফালসহ সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। এই পরিস্থিতিতে জয়শঙ্কর এবং সাদিকের মধ্যে ঢাকায় হওয়া করমর্দনকে অনেকে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখলেও, বিশ্লেষকরা একে সাধারণ কূটনৈতিক শিষ্টাচার বলেই মনে করছেন।
পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি জানিয়েছেন, এই করমর্দন ছিল হঠাৎ এবং কোনো পূর্বপরিকল্পিত ইঙ্গিত নয়। তার মতে, ভারত এখনও সংলাপের আগ্রহ দেখায়নি এবং শত্রুতামূলক রব অব্যাহত রেখেছে। সিনেটর শেরি রহমানও মনে করেন বিষয়টি অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে সৌজন্য দেখানো ইতিবাচক হলেও আসল পরীক্ষা হবে ভারত যুদ্ধের পর স্থগিত করা সিন্ধু চুক্তি ও কূটনৈতিক প্রোটোকল পুনরায় চালু করতে চায় কিনা। ভূ-রাজনৈতিক বাস্তবতার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানকে উপেক্ষা করা যায় না।

